নয়ন নাথ, ফটিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়িতে আজ সকালে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিভিন্ন এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। ঝড়ের তাণ্ডবে গাছ ও ভাঙা ডালপালা বৈদ্যুতিক লাইনের ওপর পড়ে যাওয়ায় গ্রিড থেকে শুরু করে সুইচিং সাব-স্টেশন পর্যন্ত সকল সোর্স লাইন, ফিডার ও সেকশন লাইন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ফটিকছড়ি জোনাল অফিস সূত্রে জানা যায়, পরিস্থিতি মোকাবেলায় জরুরি উদ্ধারকারী টিম ইতোমধ্যে বিভিন্ন স্থানে কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় গাছপালা অপসারণ ও লাইন পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হলে ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। পর্যায়ক্রমে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে সম্পূর্ণ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে উল্লেখ করে সংশ্লিষ্টরা জানান, বর্তমানে নির্দিষ্ট সময় উল্লেখ করা সম্ভব নয়।
এ বিষয়ে ফটিকছড়ি ডিজিএম জোনাল অফিস থেকে সম্মানিত গ্রাহকদের ধৈর্য ধারণের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে জরুরি টিমকে লজিস্টিক সহায়তা প্রদানের জন্য স্থানীয়দের সহযোগিতাও কামনা করা হয়েছে।