ইয়াসির আরাফাত, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি মধ্যবাসুদেবপুরের(রাজধানীমোড়) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন সূত্রে প্রাপ্ত তথ্যমতে জানা যায়, হিলি মধ্যবাসুদেবপুর (রাজধানীমোড়) নিবাসী মৃত রফিক হোসেনের পুত্র আসামী মোঃ জামাল হোসেন (৬০) এর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ২০১১ সালের ২০ নভেম্বর হাকিমপুর থানার মামলা নং -২৭ রুজু করা হয়। পরবর্তীতে আদালত সাক্ষ্য -প্রমাণ পর্যালোচনা করে উক্ত আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আসামী জামাল হোসেন দীর্ঘদিন গ্রেপ্তার এড়াতে পালিয়ে থাকে।
হাকিমপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সুকৌশলে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন উক্ত আসামীর বোনের বাড়ির এলাকা হতে হাকিমপুর থানাধীন দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) এলাকায় নিয়ে এসে গ্রেপ্তার করে।
হাকিমপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, পরবর্তীতে উক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জামালকে ৮ জুন ২০২৬ সোমবার যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।