
সন্দীপ প্রতিনিধি
সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির কার্ড জালিয়াতির অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম সরেজমিন পরিদর্শনের সময় এ অনিয়ম ধরা পড়ে।
শনিবার উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে মোঃ আরিফুর রহমান নামে এক ব্যক্তিকে দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২-এর ৩৮ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। তিনি বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির সুবিধাভোগী প্রকৃত অসহায় ও নিম্নআয়ের মানুষ। তাদের জন্য বরাদ্দকৃত সহায়তা আত্মসাৎ বা জালিয়াতির মাধ্যমে কেউ ভোগ করার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে নজরদারি জোরদার করা হয়েছে এবং প্রকৃত উপকারভোগীদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দিতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, ট্যাগ অফিসার ও দায়িত্বপ্রাপ্তদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে চাল বিতরণের নির্দেশনা দেওয়া হয়। এসময় সুবিধাভোগীদের তালিকা যাচাই-বাছাই এবং বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি সহায়তা নিয়ে অনিয়ম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে প্রকৃত দরিদ্র মানুষ উপকৃত হবে।