আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ই জুন শনিবার সকাল ১০টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের নেতৃত্বে একটি সচেতনতামূলক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ডেঙ্গু প্রতিরোধ আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে কার্যকর উপায়। বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখা, পানির পাত্র ঢেকে রাখা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। জ্বর হলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ কিট ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রস্তুত রয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচারণা, মসজিদের খুতবার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা ও লার্ভিসাইড কার্যক্রম জোরদার করার বিষয়টি তুলে ধরা হয়।