মোহাম্মদ কমরুদ্দিন, বিশেষ প্রতিনিধি
অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন। এই শ্লোগানকে সামনে রেখে চন্দনাইশ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ১০টায় চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইনস্পেক্টর কামরুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো.আবদুর রহমান।পরে প্রধান অতিথি হিসেবে তিনি উদ্বোধন ঘোষণা করার পর ওয়ার হাউজ পরিদর্শকের নেতৃত্বে ১২ জন ফায়ারম্যান অতিথিদের গার্ড অব অনার প্রদর্শন করেন। পরে মহড়ার মাধ্যমে পানিতে ডুবে যাওয়া, অগ্নিকান্ড ও ভূমিকম্পে আটকে পড়াদের উদ্ধার প্রক্রিয়া তুলে ধরেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
পিএফএম লিডার টিটু বসাকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার, সাংবাদিক খালেদ রায়হান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাব-অফিসার মোঃ ছাবের আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার মো.জোবাইর মোহাম্মদ জিসান, সিনিয়র রোবার স্কাউট গ্রুপ লিডার অর্ণব বিশ্বাস।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। যেকোনো দুর্যোগ-দুর্ঘটনায় এ বাহিনীর সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় কাজ করেন। দেশের মানুষের কাছে তারা এখন নির্ভরতার প্রতীক। জলবায়ু পরিবর্তন,অগ্নিকাণ্ড,সড়ক দুর্ঘটনা,বন্যা,ভবনধস ও ভূমিকম্পের ঝুঁকির কারণে ফায়ার সার্ভিসের গুরুত্ব দিনদিন বাড়ছে। এ কারণে বাহিনীর জন্য আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত সরঞ্জাম নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান বক্তারা ।