
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
ভূমিসেবাকে আরও সহজ ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিন উদ্দিন । তিনি আরো বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই সেবা দেওয়া হবে, যাতে দুর্নীতি বা অযথা হয়রানির শিকার হতে না হয়।
মঙ্গলবার (১৯ মে) সকালে আনোয়ারা ভূমি অফিসে ভূমিসেবা মেলার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। ভূমির পরিকল্পিত ব্যবহার বর্তমান সময়ের জন্য অপরিহার্য মন্তব্য করে তিনি বলেন, এই ভূমি সেবাকে আরও আধুনিকায়ন ও সহজ করে জনগণকে ভূমিসেবা দিতে কার্যকর ব্যবস্থা নিয়েছে সরকার।
এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া।
এসময় আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার ভূমি বাবু দীপক ত্রিপুরা, আনোয়ারা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আয়ুব খান রফিক সহ সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এই ভূমিসেবা মেলা শেষ হবে আগামী বৃহস্পতিবার (২১ মে)। এই মেলায় ভূমি সংক্রান্ত সকল সেবা পাওয়া যাবে।