আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ১৮ই মে সোমবার সকাল ৬টায় নিজ বাড়িতে বৈদ্যুতিক পাখায় ধান উড়াতে গিয়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছোট ছেলে মজিবর খাঁ (৬০) ও তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)।
স্থানীয়রা জানান, আজ সকালে বাড়িতে মজিবর খাঁ বৈদ্যুতিক পাখায় ধান উড়াতে যান। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে ফ্যান না চলায় তিনি ফ্যান চেক করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে ফ্যানটি মজিবরের বুকের ওপর পড়ে যায়, পরে স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। একইসঙ্গে স্বামী-স্ত্রী মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যরা।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। এরপর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।