
আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
“আমরা দালাল নই, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ”— এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) ঝিনাইদহ জেলা শাখা। ১১ই মে সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে শহরের পায়রা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানের সময় ১২ জন ঔষধ কোম্পানির প্রতিনিধিকে আটকের ঘটনায় ‘দালাল’ আখ্যা দিয়ে হেনস্তার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফারিয়া ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক শাহারিয়া শোভনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ম্যানেজার ফোরামের সাধারণ সম্পাদক আবু সাইদ খান, জেলা ফারিয়ার সহ-সভাপতি মশিউর রহমান ও কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মেহদি হাসান বাপ্পিসহ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।
বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা চিকিৎসকদের কাছে ঔষধের গুণগত মান, কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য তুলে ধরেন। অথচ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তাদের অবহেলা, অপমান ও হয়রানির শিকার হতে হয়। অনেক সময় লিফটে পর্যন্ত উঠতে দেওয়া হয় না, “শিক্ষিত দালাল” বলে অপমান করা হয়, এমনকি সামান্য কর্মচারীদের কাছ থেকেও দুর্ব্যবহার সহ্য করতে হয়।
তারা আরও বলেন, উচ্চশিক্ষিত এসব তরুণ সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা দেশের স্বাস্থ্যখাতে কাজ করে যাচ্ছেন। তাই তাদের সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।
মানববন্ধনে বক্তারা ভবিষ্যতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানি ও অপমান বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।