বোয়ালখালীতে শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ীর ৩ দিনব্যাপী মহোৎসব শুরু প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬ বিপ্লব দাস: বিশেষ প্রতিনিধি -: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ীতে ৩ দিনব্যাপী বার্ষিক মহোৎসব আজ বৃহস্পতিবার (৫ মার্চ) থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে। আগামী ৭ মার্চ শনিবার দিবাগত ভোর রাতে এ মহোৎসবের সমাপ্তি ঘটবে। প্রতি বছরের ন্যায় এবারও ঠাকুরবাড়ী অঙ্গণে আয়োজিত এই মহোৎসব উপলক্ষে তিন দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে শ্রীমদ্ভগবদগীতা পাঠ, চণ্ডীপাঠ, শ্রীশ্রী ঠাকুরের পূজা, ভোগারতি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ষোড়শপ্রহরব্যাপী অহোরাত্র শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ। এছাড়া প্রতিদিন দুপুর ও রাতে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। মহোৎসবের প্রথম দিন আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। রাতে শুভ অধিবাসের মধ্য দিয়ে মহোৎসবের মাঙ্গলিক কর্মসূচি শুরু হবে। এছাড়া প্রতিদিন নামসুধা বিতরণে অংশ নিচ্ছেন শ্রীগুরু সংঘ (চট্টগ্রাম), শ্রীশ্রী শান্তি মাতা সম্প্রদায় (গোপালগঞ্জ), গণেশ পাগল সম্প্রদায় (মাদারীপুর), সীমা প্রেমা অষ্টসখী সম্প্রদায় (সাতক্ষীরা) এবং শ্রীশ্রী বৈষ্ণব নারায়ণ সম্প্রদায় (ভোলা)। তিন দিনব্যাপী এ মহোৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্তবৃন্দকে অংশগ্রহণের জন্য শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। News PhotoCard SHARES ধর্ম বিষয়: