চন্দনাইশে ৩ গরু লুট, ডাকাতের গুলিতে নিহত ১

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশে ডাকাতের গুলিতে চন্দন দে (৭০) নামে এক ব‍্যক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি ) ভোররাত আনুমানিক সাড়ে চারটার দিকে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বদুরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় এবং প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার বদুরপাড়া ভোলা শেন বাড়ির ১ নম্বর ওয়ার্ড হিন্দুপাড়া এলাকায় ভোররাতে ৫-৬ জনের একদল চোর ওই এলাকার চন্দন দে’র গোয়াল ঘরের টিন কেটে গরু চুরি করার সময় টের পেয়ে চন্দন তাদেরকে বাঁধা দিলে তারা চন্দন কে লক্ষ‍্য করে গুলি চালায়। এ সময় পরিবারের সদস‍্যদের শোরচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে চোরের দল ৫ টি গরু থেকে ২টি রেখে বাকী ৩টি নিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় চন্দনকে স্থানীয়রা উদ্ধার করে বিজিসি ট্রাষ্ট মেডিকেলে নেওয়ার পথে সে মারা যায়। চন্দন ওই এলাকার রেবতী দে’র পুত্র।

চন্দনাইশ থানার উপ- পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামি আটক ও গরু উদ্ধার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। গুলিবিদ্ধ মৃত চন্দন দে’র লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।