সুফিবাদী সুন্নি জনতা অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে : এসএম শাহজাহান

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সমান অধিকার ও ইনসাফের জন্য মোমবাতি প্রতীকে ভোট দিন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বৃহত্তর সুন্নিজোটের প্রার্থী মাওলানা এস এম শাহজাহান।‎তিনি বলেন, ‘সুফিবাদী সুন্নি জনতা অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে। ভোটের আগে বসন্তের কোকিল হয়ে অনেকে সুন্দর কথা বলছে। করোনা বা বিপদের সময়ে অতীতে কখনো তাদের খুঁজে পাওয়া যায়নি।’
‎তিনি আরও বলেন, ‘ভবিষ্যতেও তাদের পাওয়া যাবে না। মানুষ পরিবর্তন চায়। শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মোমবাতি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ জনতা মোমবাতি প্রতীকের পক্ষে ব্যালটের মাধ্যমে ইতিহাস রচনা করবে।সোমবার (৯ ফেব্রুয়ারি) আনোয়ারা চাতরী এলাকায় একটি কনভেনশন হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ড. এম এ অদুদ, এস এম হামেদ হোসাইন, এস এম জাহাঙ্গীর, এম এ মাবুদ, ডি আই এম জাহাঙ্গীর, নাজিম উদ্দিন, গোলাম মোস্তফা, মাওলানা ইদ্রিস আল-কাদেরী, হাফেজ আবদুর রহিম, মফিজ উল্লাহ ও হাফেজ নুরুল আলম প্রমুখ। এ সময়  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মাওলানা এস এম শাহজাহান বলেন, ‘সুফিবাদী সুন্নি মুসলমান কখনো সন্ত্রাস, চাঁদাবাজি, হানাহানি ও মারামারিকে প্রশ্রয় দেয় না। আমরা সবসময় শান্তিপ্রিয় মানুষ। আমরা সব ধর্মের মানুষের সমান অধিকারের মাধ্যমে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।’

তিনি বলেন, ‘এখানে ১৩০টি পীর-আউলিয়ার মাজার, দরগাহ ও খানকা রয়েছে। আমরা পীর-আউলিয়ার অনুসারী। অথচ ৫ আগস্টের পর আমরা কী দেখলাম অসংখ্য মাজারে হামলা হয়েছে। সুন্নিপন্থি অনেক আলেমকে মসজিদের ইমামতি থেকে বাদ দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকেও বাদ দেওয়া হয়েছে। এসব অন্যায়ের দাঁতভাঙা জবাব দিতে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।’তিনি আরও বলেন, ‘আমরা তরুণ-যুবশক্তিকে জনশক্তিতে রূপান্তর করতে চাই। টানেলকেন্দ্রিক আধুনিক শিল্পনগরী গড়ে তুলে আনোয়ারা-কর্ণফুলীর মানুষের অগ্রাধিকারভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। মনিরুজ্জামান ইসলামাবাদীর স্মৃতিবিজড়িত দেওয়া পাহাড়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সরকারি হাসপাতালে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। পীর-আউলিয়া ও সুফিবাদী নিদর্শন সংরক্ষণ করে মাজারকেন্দ্রিক ইসলামী কমপ্লেক্স গড়ে তোলা হবে।’

‎সুন্নিজোটের প্রার্থী শাহজাহান বলেন, ‘মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমার জেহাদ চলবে সবসময়। আল্লাহ আমাকে ৯৯৯৯ করলে মাদক কারবারি ও চাঁদাবাজদের ঠাঁই এই আনোয়ারা কর্ণফুলীতে হবে না।’