রাষ্ট্রের জন্য লায়ন রূপম কিশোর বড়ুয়ার অনেক অবদান কিন্তু রাষ্ট্র সেভাবে মূল্যায়ন করেনি- আজাদী সম্পাদক এম এ মালেক প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬ লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া চট্টগ্রাম একুশে পদকপ্রাপ্ত, সাবেক লায়ন্স জেলা গভর্নর, দৈনিক আজাদীর সম্পাদক লায়ন এম এ মালেক এমজেএফ বলেছেন- বাংলাদেশের বুকে শিল্পপতি লায়ন রূপম কিশোর বড়ুয়া সর্বক্ষেত্রে যেভাবে অবদান রেখে যাচ্ছেন তা বলা বাহুল্য। তাঁর সাথে আমার ২৫ বছরের মতো সম্পর্ক এই পর্যন্ত তাকে দেখেছি শুধু দিয়ে যেতে। তাঁর মতো মানুষ পাওয়া আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। প্রতিবছর তিনি সমাজ সেবায় কোটি কোটি টাকা দান দিয়ে যান কিন্তু তাঁর বিনিময়ে রাষ্ট্র তাঁকে আজো সেভাবে মূল্যয়ন করেনি। অথচ অনেক আগেই তাঁর জাতীয় পুরস্কার পাওয়ার কথা। আমি মনেকরি এরকম সমাজদরদী নিঃস্বার্থ মানুষকে যদি রাষ্ট্র স্বীকৃতি দেয়, তাহলে রাষ্ট্রের সুনামই বহুলাংশে বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার ২৬ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাবস্থ জুলাই বিপ্লব স্মৃতি অডিটোরিয়ামে অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্ট ও লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন। তিনি বলেন- আমরা যদি সত্যিকারের গুণীর মূল্যায়ন করতে না পারি তাহলে ভবিষ্যতে সমাজ থেকে গুণীমানুষ হারিয়ে যাবে। এম এ মালেক বলেন, রূপম কিশোর বড়ুয়া’র কার্যক্রম দেখে আমারও কিছু করতে ইচ্ছে করছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী কয়েক মাসের মধ্যে দৈনিক আজাদীর নামে ১ কোটি টাকার একটি ট্রাস্ট করে সেখান থেকে শিক্ষার্থিদের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা করবো। তিনি বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে মোবাইল আসক্তি থেকে বেরিয়ে লেখাপড়ার প্রতি মনযোগী হওয়ারও উদাত্ত আহ্বান জানান। অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান, লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলির প্রতিষ্ঠাতা, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান, প্রাক্তন লায়ন জেলা গভর্নর রূপম কিশোর বড়ুয়া পিএমজেএফ বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি আক্ষেপ করে বলেন- দীর্ঘ ২৫ বছর যাবত অনিরুদ্ধ ট্রাস্ট থেকে বৃত্তি দিয়ে আসছি। আমি জানিনা বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ক’জন ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা মাষ্টার্স ডিগ্রী অর্জন করেছে। যাদেরকে বৃত্তি দিই তাদের মধ্যে থেকে হাজারে দুয়েকজন বাদে অধিকাংশ শিক্ষার্থিরা এসে বলেনা যে স্যার আমি ভালো পাশ করেছি। এটি কেমন দৃষ্টিভঙ্গি আমি আসলে বুঝিনা। শিক্ষায় দীক্ষায় ভালো কৃতিত্ব দেখাতে পারলে দেশের উন্নতির জন্য কাজ করবে সেই জন্য আমি আমার প্রয়াত ছেলের উদ্দেশ্যে বৃত্তিটা চালু করেছি। তিনি বলেন, যে পিতামাতা প্রতিনিয়ত ছেলেমেয়েদেরকে মিথ্যা কথা বলায় সে সন্তান বড় হয়ে কি করবে একবার ভেবেছেন কি? অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি ৪ বাংলাদেশের গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। তিনি বলেন- স্বাধীনতা দিবস বাঙালি জাতির জন্য একটি গৌরবদীপ্ত দিন। পৃথিবীর বুকে বাংলাদেশ নামক একটি দেশ পেয়েছি একমাত্র ভাষাগত মর্যাদাকে প্রতিষ্ঠিত করার জন্য এরকম নজির আর দ্বিতীয়টি নেই। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থিদেরকে দেশের প্রকৃত ইতিহাসকে ধারণ করার আহ্বান জানিয়ে বলেন- আজকে তোমরা যার অনুদানে বৃত্তি লাভ করেছ লায়ন রূপম কিশোর বড়ুয়া’র মতো দানশীল সমাজসেবক ব্যক্তি না থাকলে তা কোনদিন সম্ভব হতো না। বশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে- লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ভাইস জেলা গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন পিএমজেএফ, ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীপিএম জেএফ, দেশের শীর্ষ বৌদ্ধ যুব সংগঠন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিম্ময় বড়ুয়া রিন্টু। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান লায়ন সুপ্রভা বড়ুয়া এমজেএফ, ইউএসটিসির প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের ট্রাস্টবোর্ড চেয়ারম্যান প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, বিশিষ্ট সার্জন ডা. প্রীতি বড়ুয়া, অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, প্রকৌশলী তীর্থঙ্কর বড়ুয়া, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া প্রমূখ। বিশিষ্ট সংগঠক রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড ও লায়ন মিরাজুর রহমানের যুগল সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন- শিক্ষক অঞ্জন বড়ুয়া। কৃতজ্ঞতা জ্ঞাপন করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর সভাপতি লায়ন ইকবাল হোসেন সুমন। নৃত্য পরিচালক প্রিয়াংকা বড়ুয়া’র পরিচালনায় নৃত্যরূপ একাডেমির শিল্পীবৃন্দরা নৃত্য পরিবেশন করেন। এবছর অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্ট থেকে মাধ্যমিক পর্যায়ে ৯৬ জন, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল, মেডিকেল পর্যায় থেকে ৪৪ জনকেসহ মোট ১৩ লক্ষ ৬২ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনিরুদ্ধ বড়য়া অনি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শিল্পপতি, সমাজসেবক, লায়ন রূপম কিশোর বড়ুয়া’র অর্থানুকুল্যে সমাজ উন্নয়ন, সংস্কৃতির বিকাশ, সদ্ধর্ম প্রচার-প্রসার, বেকারত্ব বিমোচন, শিক্ষার প্রসার, চিকিৎসা সেবা, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ক্রীড়া প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, রাস্তাঘাট নির্মাণ, অসচ্ছল, দুস্থ, দরিদ্র মানুষদের সাহায্যদান, বিভিন্ন ধর্মীয় উৎসবে নতুন কাপড়দান, অন্নদান, ইফতার সামগ্রী বিতরণ, নগদ অর্থ বিতরণসহ নানাবিধ কার্যক্রম বছরজুড়ে চলমান রয়েছে। News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: