বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -ঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
গত শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলা পরিষদ গেট থেকে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্যরা কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেন। যাত্রাপথজুড়ে ছিল হাসি, গল্প আর সহকর্মীদের প্রাণখোলা আড্ডা। দুই দিনব্যাপী এই আয়োজনে দুপুরে সাংবাদিকরা ডুলাহাজারা সাফারি পার্কে মধ্যাহ্নভোজের বিরতি নেন। সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে কিছুটা বিশ্রাম নিয়ে তারা ঘুরে দেখেন পার্কের বিভিন্ন আকর্ষণীয় স্থান ও আশপাশের মনোমুগ্ধকর পর্যটন স্পট। প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে ক্যামেরাবন্দি করেন স্মরণীয় মুহূর্তগুলো।
ভ্রমণ শেষে বিকেল দুইটায় গাড়িবহর আবার কক্সবাজারের পথে যাত্রা করে। পরদিন রাতে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে আসেন প্রেসক্লাবের সদস্যরা। এই আনন্দ ভ্রমণে অংশ নেন বোয়ালখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলামসহ ক্লাবের সব সদস্য। পুরো আয়োজনে ছিল শৃঙ্খলা, আন্তরিকতা ও পারস্পরিক সৌহার্দ্যের উষ্ণ আবহ। ভ্রমণের রাত ১১টায় আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। খেলাধুলা, হাসি-আড্ডা আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে ভ্রমণের অন্যতম আকর্ষণ। অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, সদস্যদের মধ্যে বন্ধন দৃঢ় করা, পেশাগত সহযোগিতা বাড়ানো এবং মানসিকভাবে সতেজ থাকতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। প্রতিদিনের ব্যস্ত সংবাদ সংগ্রহের ফাঁকে এমন সময় কাটানো নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা জোগায়। এই দুদিনের ভ্রমণ বোয়ালখালী প্রেসক্লাবের সদস্যদের জন্য হয়ে থাকবে আনন্দ, বন্ধন আর স্মৃতিতে ভরা এক মিলনমেলা, যার রেশ দীর্ঘদিন থেকে যাবে সবার মনে।